আইসিপিসি অনলাইন বাছাইয়ে চ্যাম্পিয়ন বুয়েট
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল পৃথিবীর সর্ববৃহৎ আইসিপিসি অনলাইন প্রিলিমিনারি কন্টেস্ট। নয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে তিন শতাধিক টিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস ধানমন্ডি ও স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়। ৫ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী দল ‘বুয়েট হেলবেন্ট’। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন বুয়েট শিক্ষার্থীদের দল ‘ডুঅফেনস্মিটার্জ ইনকর্পোরেটেড’ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দল ‘সাস্ট হুইপ্ল্যাশ’।
এই প্রতিযোগিতা থেকে বাছাইকৃত দল সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য আইসিপিসির ঢাকা রিজিওনাল ২০১৯ এ অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতা পরিদর্শনকালে সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন বলেন, ‘৪র্থ শিল্প বিপ্লবে টিকে থাকতে হলে মেধার সর্বোচ্চ ব্যবহার করতে হবে, তার জন্য প্রোগ্রামিং জানার বিকল্প নেই”।
বিভাগীয় প্রধানের সার্বিক তত্ত্বাবধানে ১৫জন এলামনাই শিক্ষকের একটি দল এই অনুষ্ঠান পরিচালনা করেন, যার নেতৃত্ব দেন অ্যাসিস্টেন্ট প্রফেসর নারায়ন রঞ্জন চক্রবর্তী, সিনিয়র লেকচারার সাইফুল ইসলাম ও লেকচারার জাহাঙ্গির আলমসহ প্রমুখ।